
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মারুফ।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সাধারণ কোনো আন্দোলন নয়। এ আন্দোলনে গোপনে থেকে নেতৃত্ব দেওয়া যায় না; সম্মুখ সারিতে থেকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে হয়। স্বৈরাচারকে ‘স্বৈরাচার’ হিসেবে জাতির সামনে প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের সাধারণ শিক্ষার্থীরাও সেই চেতনাকে ধারণ করে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করেছেন। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
বক্তব্যের শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।